চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মে ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেনের মাধ্যমে ৩টি এবং শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলামের মাধ্যমে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হলে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জনগণের জানমাল রক্ষা এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি মোবাইল ফোন হারালে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান তিনি। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ