লোড হচ্ছে...

নাঙ্গলকোটে মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদক ব্যবসায়ীদের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী স্থানীয় সাংবাদিক ও ক্যামেরাপার্সনের ওপর নৃশংস হামলা চালায়।

নাঙ্গলকোটে মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত
আহৃত সাংবাদিক রাশেদ হোসাইন
হামলার শিকার হন ‘ফেস দ্য পিপল’-এর নাঙ্গলকোট প্রতিনিধি রাশেদ হোসাইন ও ক্যামেরাপার্সন রাকিব মজুমদার। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে দুজনকে বেধড়ক পেটায় এবং মোবাইল ফোন, একশন ক্যাম, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, রক্তক্ষরণ না থাকলেও তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোহারুয়া গ্রামের আলী আশ্বাদ ও তার তিন ছেলে মমিন, আমিন ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। পূর্বে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ও কারাভোগ করলেও তারা দ্রুত মুক্তি পেয়ে পুনরায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পরও তারা প্রভাবশালী মহলের আশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে থাকে।

স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেছেন  হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা নিরাপদে তথ্য সংগ্রহ ও প্রকাশ করতে পারেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা অভিযোগ করছেন, যতবারই এরা গ্রেফতার হয়, কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে পুনরায় তাণ্ডব চালায়। তাই জনগণ চায়, এবার এমন ব্যবস্থা গ্রহণ হোক যাতে অপরাধীরা আর পুনরায় আইনভঙ্গ করতে না পারে।

এই হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় দেখা গেছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে  ভুক্তভোগী সাংবাদিকদের পূর্ণ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় মাদক ব্যবসায়ীদের স্থায়ীভাবে দমন করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ