জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর
চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। রোববার (২৩ আগস্ট ২০২৬) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন,নিয়মিতঅধ্যয়ন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফলতার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই নয়, একজন শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। নিয়মিত পাঠ গ্রহণ, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ, সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীসহ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখার এবং সেই লক্ষ্য অর্জনে এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়। জেলা শিক্ষা অফিসারের এমন পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।পরিদর্শনকালে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন ও মূল্যবান দিকনির্দেশনাকে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।