লোড হচ্ছে...

সাটুরিয়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ ।


মানিকগঞ্জ সংবাদদাতা:মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচির আওতায় একটি রাস্তা পুনর্নির্মাণ কাজে অনিয়ম ও বরাদ্দের অর্থের হিসাব নিয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সাটুরিয়া উপজেলার তেওরিয়া পশ্চিম পাড়া ঈদগাহ থেকে ঠাকুর বাড়ি হয়ে ফিরোজ ও আফসানের বাড়ি পর্যন্ত প্রায় ১২০ মিটার দৈর্ঘ্যের রাস্তা পুনর্নির্মাণের জন্য সরকারি বরাদ্দ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।অভিযোগকারী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম জানান, তিনি ওই রাস্তা নির্মাণ কাজের কমিটির একজন সদস্য। অভিযোগপত্রে তিনি দাবি করেন, নির্মাণ কমিটির সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বাবুল। কাজ শেষ হওয়ার পর হিসাব অনুযায়ী প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি দেখতে পান। অবশিষ্ট টাকা কোথায় ব্যয় হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে সন্তোষজনক জবাব না দিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগকারী আরও বলেন, প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে সঠিক হিসাব-নিকাশের মাধ্যমে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।এ বিষয়ে তিনি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা ও প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাব সরকারি তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষ। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ