স্টাফ রিপোর্টার :রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন। এ দাবির পক্ষে আন্দোলনের সময় তোলা একটি ছবিও সামনে এসেছে।ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন গ্রেপ্তার দুই যুবক। তাঁদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে তাঁর নানার বাড়িতে থাকেন।শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। পরে সেখান থেকে তাঁদের আটক করা হয়।
গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনাস বিন আবুল কাশেম বলেন, ‘জুলাই আন্দোলনের সময় সে আমার সহযোদ্ধা ছিল। আন্দোলনে সে আমার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।’গ্রেপ্তার শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তাঁর ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা।
সাদিকুল ইসলাম আরও বলেন, ‘এখন থানার সামনে জয় বাংলা স্লোগান হয়েছে। কাউকে না কাউকে ধরতে হবে। তাই সামনে পেয়ে আমার ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় গেলে ওসি প্রথমে আমার কাছে দাবি করেন, থানার সামনে চায়ের দোকানে বসে নাকি তাঁরা মদ পান করছিলেন। তাহলে মদ পানের মামলা না দিয়ে বিএনপির অফিস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হলো কেন?’তিনি আরও বলেন, তাঁর ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। পড়াশোনার চাপে তিনি কোনো রাজনীতিতে জড়াননি। তাঁদের পরিবার রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। তাই তাঁর ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি।এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।’তবে গ্রেপ্তার দুই যুবকের জুলাই আন্দোলনে অংশগ্রহণের দাবি, তাঁদের সামনে আসা ছবি এবং গ্রেপ্তারের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

0 মন্তব্যসমূহ