দিনাজপুরের বিরগঞ্জে একটি নির্মাণাধীন হাফিজিয়া মাদ্রাসায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা দুই যুবককে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেছেন।ঘটনাটি ঘটেছে গত ২৩ জুন, বিরগঞ্জ উপজেলার ৩নং সতগ্রাম ইউনিয়নের কাসিমনগর এলাকায় অবস্থিত হকের দেওয়া সিদ্ধিকিয়া সুন্নাতি হাফিজিয়া মাদ্রাসা-তে। স্থানীয় সূত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কুখন আলী নামের এক যুবক তার সহযোগীসহ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জোরপূর্বক ১ লাখ টাকা চাঁদা দাবি করে। মাদ্রাসার পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দুই যুবক নির্মাণাধীন ভবন ও সাইনবোর্ড ভাঙচুর করে।
এ সময় ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা একত্রিত হয়ে হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হন। পরে স্থানীয়রা দুই যুবককে আটক করে সতগ্রাম ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। এলাকাবাসী আরও জানান, হামলার আগ মুহূর্তে কুখন আলী তার ফেসবুক আইডি থেকে বিভিন্নজনকে হত্যার হুমকি দিয়ে পোস্ট করেছিলেন।এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
0 মন্তব্যসমূহ