লোড হচ্ছে...

তানোরে কৃষক নেতৃত্বে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত।




পলি রানী, রাজশাহী প্রতিনিধি এস এম টিভি রাজশাহী 

তানোরে কৃষক নেতৃত্বে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  (১৮ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় গ্রিন কোয়ালিশনের আয়োজনে তানোর উপজেলার গোকুল মথুরা গ্রামের জিতেন্দ্রনাথ এর এ.এল.সি (এগ্রো ইকোলজি লার্নিং সেন্টার)-তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক-কৃষাণীদের উদ্বুদ্ধকরণ, ন্যায্যমূল্য প্রাপ্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতিতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করে রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত অর্গানিক পদ্ধতিতে উৎপাদন এবং বিপণন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়াও কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং কীটনাশক ও বিষযুক্ত কৃষিপণ্যের বিপরীতে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য টিকিয়ে রাখা যায়, সে বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষসমূহ—উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত একটি কার্যকর চেইন তৈরির এবং তা রক্ষার পরিকল্পনাও গ্রহণ করা হয়।এ সময় নৃ-বিজ্ঞানী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়ছে। কৃষকরা ফসল উৎপাদনে অনিয়ন্ত্রিতভাবে সার ও বালাইনাশক প্রয়োগ করছেন। এর ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য কমে যাচ্ছে, পরিবেশ দূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও অনুজীব; ফলে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। তাই কৃষকদের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কম খরচে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। ভোক্তারা সবাই বিষমুক্ত নিরাপদ খাবার খেতে চান, কিন্তু চাহিদা অনুযায়ী যোগান না থাকায় অনেকেই তা পান না। এছাড়া অর্গানিক কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে যে ঘাটতি ও প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার আহ্বান জানান তিনি।উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈব কৃষির সঙ্গে যুক্ত কৃষক-কৃষাণীসহ বারসিকের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে উপস্থিত সকলে জিতেন্দ্রনাথের এ.এল.সি পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ