বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media মানিকগঞ্জ।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কোনোভাবেই আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়—সে লক্ষ্যে বিচারক ও আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজে বিভেদ, দ্বন্দ্ব ও সংঘাত কোনো ইতিবাচক ফল বয়ে আনে না। বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্যেই রয়েছে উন্নয়ন ও শান্তির পথ। তিনি বলেন, “মানুষের মনে যদি ভালো চিন্তা থাকে, তাহলে তার মানসিক প্রশান্তিও বজায় থাকে। কিন্তু অন্যের ক্ষতি করার চিন্তা মানুষকে অশান্ত করে তোলে—যা একটি সুস্থ সমাজের জন্য অনুকূল নয়।” লিগ্যাল এইড কার্যক্রমের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে লিগ্যাল এইড কার্যক্রমের যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটিকে আরও শক্তিশালী করতে সরকার এটিকে অধিদপ্তরে রূপান্তর করে, যাতে সাধারণ মানুষ সহজে আইনি সহায়তা পেতে পারে। এর আগে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট প্রাঙ্গণে এসে শেষ হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আফসান জগলুল হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের আরেক পর্বে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত ৭৩ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রী নিজ হাতে তাদের গাউন পরিয়ে দেন এবং পেশাগত জীবনে সততা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ