দেয়ালিকা “তথ্যের আলো” উন্মোচন, শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগে প্রযুক্তি জ্ঞান বিস্তার।
মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে শিক্ষক ফরিদ আহমেদ ও শিক্ষার্থীদের উদ্যোগে “তথ্যের আলো” শীর্ষক একটি দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই দেয়ালিকার উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফরিদ আহমেদ জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি সম্পর্কিত নানা অজানা তথ্য তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেয়ালিকায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রযুক্তির উৎপত্তি, আবিষ্কার, গবেষণা, নেটওয়ার্ক, ইন্টারনেট ব্যবহার, ইতিবাচক-নেতিবাচক দিক, কম্পিউটার ভাইরাস, টপোলজি, আসক্তি, বিনোদনসহ কবিতা ও গল্পের মাধ্যমে তাদের জ্ঞান ও সৃজনশীলতা তুলে ধরেছে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী নাথ আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উন্মোচন করেন। পরে প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা ও সহপাঠ্যক্রম কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের উদ্যোগ আরও বিস্তারের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
0 মন্তব্যসমূহ