লোড হচ্ছে...

প্রশাসনের নির্দেশ অমান্য করে লিজকৃত সরকারি জমি দখল: প্রভাবশালীর ঘর নির্মাণে আতঙ্কে গ্রামবাসী।


রাকিব ইসলাম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ  Smtv Media  মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে লিজকৃত সরকারি জমি জোরপূর্বক দখল করে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের ঘটনায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ—আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে দখলদারিত্ব চালালেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে প্রশাসনের ভূমিকা। জানা গেছে, বালিয়াটি মৌজার ৫২৯/৬২৮ দাগে ০.০৫ একর এবং ৫২৯/৬২৭ দাগে ০.০২ একর—মোট ০.০৭ একর জমি সরকার কর্তৃক বৈধভাবে লিজ গ্রহণ করেন ভুক্তভোগী নার্গিস আক্তার। তিনি সরকারি কোষাগারে ২,২৭২ টাকা জমা দিয়ে বৈধ রশিদ গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে পরিবারসহ সেখানে বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী পরিবার সাময়িকভাবে বাড়ির বাইরে গেলে একই গ্রামের বাছেদ (পিতা: হাসেন আলী) সুযোগ নিয়ে জোরপূর্বক জমি দখল করে দ্রুততার সঙ্গে ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি টের পেয়ে বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কাগজপত্র যাচাই শেষে নার্গিস আক্তারের লিজ বৈধ বলে নিশ্চিত করে। পরবর্তীতে অভিযুক্ত বাছেদকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।তবে চাঞ্চল্যকরভাবে সেই নির্দেশ প্রকাশ্যেই অমান্য করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এখনো দখল বজায় রেখেছে অভিযুক্ত পক্ষ এবং ঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, “যদি বৈধ কাগজপত্র থাকার পরও জমি উদ্ধার না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এতে করে প্রভাবশালীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।” এদিকে ভুক্তভোগী নার্গিস আক্তার অভিযোগ করে বলেন, “আমি সরকার থেকে বৈধভাবে জমি লিজ নিয়ে বসবাস করছি। প্রশাসনও আমার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে। তারপরও দখলদাররা প্রকাশ্যে আইন অমান্য করছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ঘটনায় এলাকাবাসী দ্রুত কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি—অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক, অন্যথায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ