পলি রানী জেলা প্রতিনিধিঃ Smtv Media রাজশাহী
রাজশাহীতে নারী সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং দক্ষতা উন্নয়নে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। ইউনেস্কো এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় রাজশাহীর ব্যাক লার্নিং সেন্টারে। গতকাল শনিবার সমাপনী দিনে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী নারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। তিনি বলেন, নারী সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেইন বকুল। তিনি তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল বিষয়ে সম্যক ধারণা লাভ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়, যা তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফেলো আলী হাসের আল আমিন, ইউএন ব্যালট প্রজেক্টের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, ইউনেস্কোর কনসালট্যান্ট রাকিবুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজ গণি এবং দ্য ডিসেন্ট-এর প্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ


0 মন্তব্যসমূহ