ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে আইনের হাতে সোপর্দ করেছে স্থানীয় বাজার কমিটি ও সচেতন জনতা। নিজস্ব উদ্যোগে আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার এই দায়িত্বশীল আচরণ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে পরানগঞ্জ বাজারের মানিক ডোবা ব্রিজের পশ্চিম পাশমাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।স্থানীয় ও বাজার কমিটি সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পরানগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ে। যুবসমাজকে রক্ষা ও মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে বাজার কমিটির সদস্য এবং স্থানীয় জনতা নজরদারি বাড়িয়ে তাদের হাতেনাতে আটক করেন।আটকের পরপরই আইন প্রয়োগকারী সংস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে স্থানীয়রা কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এএসআই মো. জুলহাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুই কারবারিকে আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বাজার কমিটির নেতৃবৃন্দ জানান, সমাজকে মাদকমুক্ত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তারা ঐক্যবদ্ধ। তবে অপরাধীদের বিষয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই তৎপরতা ও সহযোগিতা অব্যাহতথাকবে বলে তারা আশা প্রকাশ করেন।এ ঘটনার পর স্থানীয় অন্যান্য মাদক সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরানগঞ্জ এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

0 মন্তব্যসমূহ