লোড হচ্ছে...

পুরান বাজারের প্রাণকেন্দ্রে ময়লার ভাগাড়, বেহাল সড়কে চরম দুর্ভোগমসজিদ সংলগ্ন চার রাস্তার মোড় থেকে ময়লার স্তূপ সরিয়ে সড়ক সংস্কারের দাবি এলাকাবাসী ।র


স্টাফ রিপোর্টার, চাঁদপুর নদীর কলকাতা, শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী চাঁদপুরের পুরান বাজার। ঐতিহ্য ও বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই জনপদ দূর থেকে যতটা শান্ত ও পরিচ্ছন্ন মনে হয়, ভেতরে ঢুকলেই ফুটে ওঠে তার উল্টো চিত্র। বিশেষ করে পুরান বাজারের ১ নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্রে ময়লার ভাগাড় ও বেহাল সড়ক যেন জনদুর্ভোগের স্থায়ী প্রতীক হয়ে দাঁড়িয়েছে।পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন চার রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লার বিশাল স্তূপ। পচা-দুর্গন্ধযুক্ত আবর্জনায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ময়লা, নোংরা পানি ও কাদায় সড়কটি পরিণত হয় চরম দুর্ভোগের স্থানে। জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ একটি মোড়ে এমন ময়লার ভাগাড় থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।শুধু ময়লার ভাগাড় নয়, মোম ফ্যাক্টরি সড়ক, ট্রাকঘাট সংযোগ সড়ক ও বউবাজারগামী সড়কের বেহাল দশাও দীর্ঘদিনের। বিশেষ করে বউবাজারমুখী সড়কটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করেন। পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে দূর-দূরান্ত থেকে আসা যানবাহনও এই সড়ক ব্যবহার করে।ফলে একই সড়কে পথচারী, ছোট-বড় যানবাহন ও পণ্যবাহী ট্রাক চলাচল করায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। খানাখন্দে ভরা সড়কে বিশেষ করে বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা বিরাজ করলেও টেকসই সংস্কারে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।এলাকাবাসীর প্রশ্ন—শত বছরের ঐতিহ্যের সাক্ষী পুরান বাজারের প্রাণকেন্দ্র কেন এমন অব্যবস্থাপনার শিকার হবে? জনবসতির মধ্যে ময়লার ভাগাড় রেখে একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকার পরিবেশ কতটা নিরাপদ রাখা সম্ভব, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।স্থানীয়দের দাবি, দ্রুত বউবাজার সড়কসহ সংশ্লিষ্ট সড়কগুলো সংস্কার ও মেরামত করতে হবে। একই সঙ্গে পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন চার রাস্তার মোড়ের ময়লার ভাগাড়টি জনবসতি ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে অন্যত্র স্থানান্তর করে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।তাদের প্রত্যাশা, শুধু সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়ে পুরান বাজারকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও দূষণমুক্ত পুরান বাজার গড়তে অতি দ্রুত পুরান বাজারের প্রাণকেন্দ্র বড় মসজিদ সংলগ্ন চার রাস্তার মোড় থেকে ময়লার ভাগাড়টি স্থানান্তর করা হোক।”এখন সময় এসেছে ঐতিহ্যবাহী পুরান বাজারের সৌন্দর্য, পরিবেশ ও নাগরিক স্বস্তি ফিরিয়ে দিতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ