লোড হচ্ছে...

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ।


আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার Smtv Media রাজশাহী  “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহীর আয়োজনে পুলিশ লাইন্স, রাজশাহীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী।নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম পর্ব শেষে বালিকা বিভাগে দামকুড়া এবং কর্নহার থানা এবং বালক বিভাগে এয়ার পোর্ট এবং শাহমখদুম থানা যোগ্য দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। বিপুল দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত আজকের নারী বিভাগের ফাইনালে দামকুড়া থানা ও কর্ণহার থানার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দামকুড়া থানাকে হারিয়ে কর্ণহার থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, পুরুষ বিভাগের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে এয়ারপোর্ট থানাকে পরাজিত করে শাহমখদুম থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। এয়ারপোর্ট থানা পুরুষ বিভাগে এবং দামকুড়া থানা নারী বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও শাহমখদুম থানার সেরা খেলোয়ার (বালক) হয়েছেন শুভ ইসলাম এবং কর্ণহার থানার সেরা খেলোয়ার (বালিকা) হয়েছে সুনাইরা আক্তার রানী।মুহুর্মুহু আক্রমণ-পাল্টা আক্রমণ, টানটান উত্তেজনা এবং খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে জমে ওঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ। খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়াশৈলী ও প্রতিটি পয়েন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। খেলাকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি এবং মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি, খেলোয়াড়, কোচ, ম্যানেজার, অতিথি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে নারী দলের স্বতঃস্ফূর্ত ও চমৎকার অংশগ্রহণে তিনি আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়দের প্রশংসা করেন।তিনি এ প্রতিযোগিতা থেকে একটি সেরা দল গঠন করে জাতীয় পর্যায়ে অন্যান্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের আরও ভালোভাবে প্রস্তুত করার এবং এ লক্ষ্য অর্জনে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।পুলিশ কমিশনার মহোদয় যুবসমাজকে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হয়ে মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত ও নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলতে রাজশাহী মহানগর পুলিশ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।পরে কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথিবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ