জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুর আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দীর্ঘদিনের সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্জনের আওতায় রয়েছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত।
বিচারকরা হলেন—চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধ্বন এবং সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলাম।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় আদালতকেন্দ্রিক অবৈধ লেনদেন বন্ধ, মাদক মামলায় আগামী তিন মাস জামিন না চাওয়া এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত থানায় পৌঁছানোর দাবিসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।আইনজীবী সমিতি জানিয়েছে, স্থানীয়ভাবে সমস্যার সমাধান না হলে লিখিতভাবে বাংলাদেশ বার কাউন্সিলকে অবহিত করা হবে। তবে বিচারকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন আইনজীবীরা।
.jpg)
0 মন্তব্যসমূহ