মানিকগঞ্জ প্রতিনিধি : রাকিবুল ইসলাম মানিকগঞ্জেরঘিওর উপজেলা সদরের ড্রেনগুলো পরিস্কার না থাকায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এসব ড্রেনের পাশ দিয়ে চলাচলের সময় লোকজন নাক ধরে অথবা বিকল্প পথে যাতায়াত করছে। এলাকাবাসীর অভিযোগ, থানা মোড় থেকে বাস স্টেশন পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর থেকে অদ্যাবধি পরিস্কার করা হয়নি। ফলে এই ড্রেনে বালু আর ময়লা জমে পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে। এ ড্রেনের পানি নদীর দিকে না গিয়ে উপচে বাজারের রাস্তার ওপর দিয়ে গড়িয়ে বিভিন্ন দিকে যাচ্ছে আর গন্ধ ছড়াচ্ছে। ওই ড্রেনের দুর্গন্ধের কারণে লোকজন ড্রেনের পাশের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে।দুর্গন্ধের মধ্যেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ড্রেনের পানি জমে সদর মসজিদে যাওয়ার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি নিচু হওয়ায় দুর্গন্ধযুক্ত পানি পাড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে যেতে বাধ্য হচ্ছেন। ঔষধ ব্যবসায়ী মোঃ কাজল মিয়া বলেন, উপজেলা সদর হাটটি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু বাজার উন্নয়নের কোনো কাজ হয়নি। সময়মতো ড্রেন পরিস্কার না করায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।সাইকেল মেরামতকারী মোঃ মিজান মিয়া বলেন, আশে পাশের বাসা বাড়ির ময়লা পানি এসে রাস্তায় জমে গেছে। নোংরা ও দূর্গন্ধের পানির কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা - তুল ইসলাম বলেন, এবিষয়ে অনেক লোকজন এসেছে আমার কাছে অভিযোগ নিয়ে। আমি এর সত্যতা পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ