ষ
মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।:পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াভাগী ও বলইবুনিয়া গ্রামের প্রায় ১৭ একর জমি নিয়ে দীর্ঘ ৫৬ বছর ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলার অভিযোগ উঠেছে। বছরের পর বছর আইনি লড়াই চালাতে গিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার (৬০), পিতা,মৃত কাসেম হাওলাদার।ইব্রাহিম হাওলাদারের দাবি, তাঁর বাবা মরহুম কাসেম হাওলাদার প্রায় ৫৬ বছর আগে জমি-সংক্রান্ত বিরোধের কারণে মামলা শুরু করেন। বাবার মৃত্যুর পর সেই মামলা ও আইনি লড়াইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।দীর্ঘদিন ধরে আদালত ও সংশ্লিষ্ট দপ্তরে ছুটতে ছুটতে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটে গেছে। কিন্তু আজও জমির বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।অভিযোগকারী ইব্রাহিম হাওলাদারের ভাষ্য, বিরোধপূর্ণ প্রায় ১৭ একর জমির বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখল করে চাষাবাদ করছে। তাঁর অভিযোগ, বিবাদীরা আইন ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এলাকায় প্রভাব খাটাচ্ছেন এবং লাঠিয়াল বাহিনী নিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে নিজের জমি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।এ ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন,
১. শাহজাহান আকন (৬৫), পিতা মৃত রেহেন উদ্দিন আকন ও গং।
২. সত্তার মাতুব্বর (৭৫), পিতা মৃত তফেল উদ্দিন মাতুব্বর ও গং।
৩. ফোরকান হাওলাদার (৫৫), পিতা মৃত তোজাম্বর হাওলাদার ও গং।
৪. রাজিয়া বেগম (৭২), স্বামী সত্তার আকন ও গং।
৫. সেকান্তার চৌকিদার (৬৫), পিতা মৃত আসমত আলী চৌকিদার ও গং।
৬. হানিফ চৌকিদার (৫৫), পিতা মৃত কালু চৌকিদার ও গং।
৭. বজলু চৌকিদার (৫০), পিতা মৃত আবুল বশার ও গং।
৮. কালাম চৌকিদার (৪৫), পিতা মৃত ইদ্রিস চৌকিদার ও গং।
৯. জালাল চৌকিদার (৬০), পিতা মৃত লতিফ চৌকিদার ও গং।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ জমি নলুয়াভাগী ও বলইবুনিয়া,এই দুই মৌজায় অবস্থিত। জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকলেও নিষেধাজ্ঞা থাকা অবস্থায় জোরপূর্বক চাষাবাদের কারণে বিরোধ আরও জটিল হয়ে উঠছে বলে দাবি ইব্রাহিম হাওলাদারের।একজন মানুষের জীবনের ৫৬টি বছর কেটে গেছে জমির অধিকার ফিরে পাওয়ার আশায় আইনি লড়াই করতে করতে। বয়সের ভারে নুয়ে পড়া ইব্রাহিম হাওলাদারের এখন একটাই আকুতি,জীবনের শেষ প্রান্তে এসে যেন নিজের ন্যায্য অধিকার ফিরে পান। দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটিয়ে এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক,এটাই তাঁর প্রত্যাশা।ইব্রাহিম হাওলাদার সংশ্লিষ্ট প্রশাসন, ভূমি কর্তৃপক্ষ ও সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, বিরোধপূর্ণ জমির প্রকৃত কাগজপত্র যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

0 মন্তব্যসমূহ