(বান্দরবান প্রতিনিধি: মোঃ নুরুল আলম)চাকরি থেকে অবসরের পর অলস সময় না কাটিয়ে কৃষিকে পেশা ও নেশা হিসেবে বেছে নিয়েছেন বান্দরবান সদর উপজেলার উত্তর সুলতানপুর গ্রামের সয়ালোক ইউনিয়নের বাসিন্দা, অবঃ সার্জেন্ট কাজী মোঃ আজিজ উদ্দিন । তাঁর এই উদ্যোগ স্থানীয় পাহাড়ি প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে পাহাড়ে অবহেলিত জায়গায় এরকম চাষ করা সম্ভব তার প্রমাণ সরজমিনে দেখা যায়। পার্টনার প্রজেক্ট (বারি অংশ)-এর অর্থায়নে এবং অন-ফার্ম রিসার্চ ডিভিশন, বারি, বান্দরবানের বাস্তবায়নে তাঁর জমিতে শুরু হয়েছে কৃষি বনায়ন পদ্ধতির আওতায় বিভিন্ন ফসলের সম্প্রসারণ কাজ। ১২০ শতাংশ জমির ওপর বাস্তবায়িত এই প্রদর্শনী খামারে নানা জাতের ফসলের চাষ করা হচ্ছে। যেসব ফসল চাষ করা হচ্ছে, খামারটিতে উৎপাদিত প্রধান ফসলগুলোর মধ্যে রয়েছে— মিষ্টি কুমড়া (হাইব্রিড), কপি (বারি ফেলন-১), রুষবিন (বারি ঝাড়শিম-৩), বরবটি (হাইব্রিড), দেশি শিম, লাল শাক (বারি লালশাক-১), আদা (বারি আদা-২) এবং হলুদ (বারি হলুদ-৪), গত ২৫ আগস্ট ২০২৫ তারিখে আনুষ্ঠানিক ভাবে এই জমিতে বীজ ও চারা বপন করা হয়। অবঃ সার্জেন্ট কাজী মোঃ আজিজ উদ্দিন ও মোহাম্মদ রফিক উল্লাহ ভূঁইয়ার যৌথ তত্ত্বাবধানে এই খামারটি পরিচালিত হচ্ছে। স্থানীয়রা জানান, একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট হয়েও যেভাবে তিনি নিজের মেধা ও পরিশ্রমে জমিকে উর্বর ও ফসল উৎপাদনে ব্যবহার করছেন, তা এলাকার বেকার যুবকদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক দিকনির্দেশনা পেলে পাহাড়ি অঞ্চলে কৃষির বিপ্লব ঘটানো সম্ভব, যার বাস্তব প্রমাণ কাজী মোঃ আজিজ উদ্দিনের এই উদ্যোগ।

0 মন্তব্যসমূহ