এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান চালানো হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় গত ৪৮ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্যসহ সর্বমোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধের সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা গ্রহণপূর্বক নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা সমুন্নত রাখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ