লোড হচ্ছে...

শিক্ষা সচেতনতা বাড়াতে নোয়াগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত।

মৌলভীবাজার নোয়াগাঁও গ্রামে শিক্ষা বিস্তারে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করতে এক ব্যতিক্রমধর্মী “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নেই। পরিবার থেকেই শিক্ষার ভিত্তি গড়ে ওঠে, তাই অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন টিচার্স ফোরামের সভাপতি মো: শাহাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফরিদ আহমেদ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাসাসের সভাপতি সাজ্জাদুল হক স্বপন, বিএমইটির সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, টিচার্স ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মো: করিম উদ্দিন, দপ্তর সম্পাদক আজিজ আহমেদ, আদমপুর ইউনিয়নের সদস্য গুলনাহার বেনী, সদস্য জহিরুল ইসলাম, সদস্য মাইনুরুদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি আব্দুল মান্নান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষাই একমাত্র শক্তি বা হাতিয়ার, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে।” তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করতে এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম প্রতিবছর শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠকের আয়োজন করে থাকে। এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থান: নোয়াগাঁও গ্রাম, আদমপুর ইউনিয়ন, কমলগঞ্জ, মৌলভীবাজার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ