পলি রানী স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী।
রাজশাহী, ২২ এপ্রিল ২০২৬ (বাসস) বিশ্বব্যাপী পালিত আর্থ ডে (পৃথিবী দিবস) উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত একক বিতর্ক প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীরা বৈশ্বিক খাদ্য ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় খাদ্য ব্যবস্থা, কৃষি-পরিবেশ (অ্যাগ্রোইকোলজি) এবং জলবায়ু ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেছে।অনুষ্ঠানে নিরাপদ খাদ্যভিত্তিক ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয় এবং পরিবেশ সুরক্ষা আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আজ আর্থ ডে উপলক্ষে গ্রীন কোয়ালিশন, বারসিক এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে এসকে ফুড সেমিনার হলে একটি ব্যতিক্রমী একক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিতর্কের বিষয় ছিল: “বৈশ্বিক খাদ্য ব্যবস্থা বনাম স্থানীয় খাদ্য সার্বভৌমত্ব: টেকসই সমাধান কোথায় নিহিত?” অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে অ্যাগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার, খাদ্য নিরাপত্তা এবং টেকসই স্থানীয় খাদ্য ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি নিরাপদ খাদ্যভিত্তিক ভবিষ্যৎ প্রজন্ম ও পৃথিবী গঠনে সামাজিক আন্দোলনকে শক্তিশালী করা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক বিধান চন্দ্র দাস। বিচারক হিসেবে ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি জান্নাতুল মাওয়া আনন্যা এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক।
রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। যুক্তি, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিচারকরা ফলাফল ঘোষণা করেন। প্রথম স্থান অর্জন করেন রাজশাহী কলেজিয়েট স্কুল ডিবেটিং ক্লাবের সদস্য তামহিদ আরিফ। দ্বিতীয় স্থান অর্জন করেন রাজশাহী ইউনিভার্সিটি গ্রুপ অব লিবারেল ডিবেটিং ক্লাবের সদস্য আরাফি সিরাজী অন্তর। তৃতীয় স্থান অর্জন করেন রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের সদস্য সুমাইয়া সানজিদা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



0 মন্তব্যসমূহ