লোড হচ্ছে...

জনগণের ভোটের মর্যাদা রাখতে দলমতের ঊর্ধ্বে সেবা নিশ্চিত করতে হবে: এমপি মিলন।


মোঃ আবিদ হাসান সানু স্টাফ রিপোর্টার  Smtv Media রাজশাহী ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।

দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সরকারি সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। পার্লামেন্টের ব্যস্ততা সত্ত্বেও ছুটির দিনে নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছেই এমপি মিলন জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন কার্যক্রম শুরু করেন। প্রথমেই তিনি ভূগরোইল পেট্রোল পাম্প পরিদর্শনে যান। সেখানে পেট্রোল ও অকটেন সংগ্রহে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, “এমন দীর্ঘ লাইনের কোনো প্রয়োজন নেই। মাত্র ৬ শতাংশ মানুষ এই জ্বালানি ব্যবহার করেন, অথচ ৮৮ শতাংশ মানুষ ডিজেল ব্যবহার করেন—তাদের ক্ষেত্রে এমন দৃশ্য দেখা যায় না। অমূলক আতঙ্ক থেকেই মানুষ লাইনে দাঁড়াচ্ছেন।


তিনি আরও বলেন, জ্বালানির সরকারি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার দাম সমন্বয় করেছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথাও জানান তিনি। পাম্প পরিদর্শন শেষে সেখানে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে উল্লেখ করেন এমপি।


এরপর তিনি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং প্রশাসনিক সেবা নিয়ে আলোচনা করেন তিনি। এমপি মিলন বলেন, “জনগণ আমাকে এক লাখ সাতাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই আস্থার মর্যাদা রাখতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।


সরকারি সুবিধা প্রসঙ্গে তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। কোনো পরিবার যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পরিবারের গৃহকর্ত্রীদের নিজ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড নিবন্ধনের পরামর্শ দেন, যাতে সরকারি সকল তথ্য ও সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছানো যায়।এমপি মিলন আরও জানান, পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান ও ইমামদের ভাতা চালু করা হবে। একই সঙ্গে ৩১ দফা বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।নওহাটা পৌরসভা ও কাটাখালী পৌরসভার অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি জানান, এ বিষয়ে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা কাজ করবেন। বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, এটি একটি বৈশ্বিক ইস্যু। কৃষিকাজে সেচ কার্যক্রম সচল রাখতে শহরে লোডশেডিং করা হচ্ছে এবং ভবিষ্যতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, যুবদলের সাবেক সদস্য মাজদার রহমানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ