ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন চক শ্যামরামপুর এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি করে অবৈধভাবে গড়ে তোলা একটি সিসা কারখানায় টাস্কফোর্স অভিযান চালিয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দিয়ে সিসা গলানোর সব যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন।জনস্বার্থে মোবাইল কোর্টের তাৎক্ষণিক অ্যাকশন স্থানীয় সূত্র জানায়, চক শ্যামরামপুর এলাকার নদী তীরবর্তী স্থানে লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে এই অবৈধ সিসা কারখানাটি চলছিল। ব্যাটারি পুড়িয়ে সিসা গলানোর বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। এতে অতিষ্ঠ হয়ে এবং স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জানান।আবেদনের সত্যতা যাচাই ও জনস্বাস্থ্য রক্ষায় আজ মঙ্গলবার উক্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আইন অমান্য করায় অর্থদণ্ড ও কারখানা ধ্বংসঅভিযান
পরিচালনাকালে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র ছাড়াই সিসা গলানোর কাজ চালিয়ে আসছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে ২টি মামলা দায়ের করে। উক্ত মামলায় ২ জন অভিযুক্তকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানার পাশাপাশি নদী তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী ফ্যাক্টরিটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া সিসা গলানোর কাজে ব্যবহৃত সব ক্ষতিকর যন্ত্রপাতি ও আলামত জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপস্থিত ব্যক্তিবর্গ ও পরবর্তী হুঁশিয়ারি মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে কারিগরি ও আইনি সহায়তা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অভিযানের নিরাপত্তা নিশ্চিত করে।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন গণমাধ্যমকে জানান, পরিবেশের ক্ষতি করে এবং জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলে জেলায় কোনো ধরনের অবৈধ কারখানা চলতে দেওয়া হবে না। নদী ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অবৈধ কারখানাটি উচ্ছেদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চক শ্যামরামপুর এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ