মাদকের বিস্তার রোধ এবং একটি মাদকমুক্ত গোদাগাড়ী উপজেলা গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান মিত্র, বিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ।এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে ডিআইজি মো. শাহজাহান মিত্র, বিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন অলিউল্লাহ রনি। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তরুণদের জন্য শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে 'না' বলার শপথ গ্রহণ করেন এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ