পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের কৃষকরা দীর্ঘদিন ধরে কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আধুনিক কৃষি যন্ত্রপাতির অভাবে তাদের চাষাবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে একটি ট্রাক্টরের অভাবে জমি চাষ করতে অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় বাসিন্দা ও কৃষক মরহুম তাহের হাওলাদারের ছেলে মোঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “আমরা কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু নিজস্ব ট্রাক্টর না থাকায় অন্য এলাকা থেকে ভাড়া করে জমি চাষ করতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়। অনেক সময় মৌসুমের উপযুক্ত সময়ে জমি প্রস্তুত করা সম্ভব হয় না।একই গ্রামের কৃষক মোঃ সোনে আলী হাওলাদার বলেন, “আমাদের জমিজমা চাষাবাদ করতে অনেক কষ্ট করতে হচ্ছে। একটি ট্রাক্টর থাকলে এলাকার শতাধিক কৃষক উপকৃত হতেন। তাই আমরা সরকারের কাছে একটি ট্রাক্টর বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ বলেন, “সরকারি বরাদ্দ এলে কৃষকদের ডাকা হবে। যারা প্রকৃতপক্ষে কৃষিকাজ ও চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আজু বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে কৃষকদের প্রয়োজন অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে।”স্থানীয় কৃষকদের দাবি, কৃষিকে লাভজনক ও আধুনিক করতে হলে গ্রামীণ পর্যায়ে কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।কালির চর গ্রামের কৃষকরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।গ্রামের কৃষকদের মতে, একটি ট্রাক্টর শুধু একটি যন্ত্র নয়, বরং তাদের স্বপ্ন, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। তাই তারা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ