চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ার চরের ৮৪ বছর বয়সী অসহায় ভিক্ষুক জবেদা খাতুনের জরাজীর্ণ বসতঘর নিয়ে একটি টেলিভিশন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।প্রকাশিত সংবাদ ও ভিডিওটি এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজ অর্থায়নে বৃদ্ধার জন্য একটি নতুন বসতঘর নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা দ্রুত জরাজীর্ণ ঘরটি ভেঙে সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণকাজ শেষ হলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি অসহায় বৃদ্ধা জবেদা খাতুনের কাছে হস্তান্তর করেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৮৪ বছর বয়সী জবেদা খাতুন। দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটিয়ে মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। মানবিক এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


0 মন্তব্যসমূহ