লোড হচ্ছে...

দিঘলিয়ায় বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে দুধেল গাভীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল মানুষের প্রাণ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার  Smtv Media দিঘলিয়া (খুলনা)।

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ৩ নম্বর ওয়ার্ডে একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে একটি দুধেল গাভীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে মোসলেমউদ্দিন হালদারের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের খুঁটিতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থাকলেও তা সময়মতো মেরামত করা হয়নি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় গরুটি খুঁটির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসীর দাবি, একই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীরা চলাচল করেন। ফলে এ ঘটনা আরও বড় প্রাণহানির কারণ হতে পারত।গরুর মালিক মো. কবির মোড়ল বলেন, “আমার গরুটি প্রায় সাড়ে ১০ বছর বয়সী ছিল এবং প্রতিদিন প্রায় ৭ কেজি দুধ দিত। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আজ গরু মারা গেছে, কিন্তু এর জায়গায় যদি কোনো মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হতো, তাহলে তার দায় কে নিত? তিনি বিদ্যুৎ বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো নিয়মিত পরীক্ষা ও সংস্কার করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বিভাগের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পর বিদ্যুৎ বিভাগের কর্মী হায়দার শরীফ ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে তাদের প্রশ্ন, দুর্ঘটনার আগে কেন ঝুঁকিপূর্ণ অবস্থাটি শনাক্ত ও সমাধান করা হয়নি।এ ঘটনায় গাভীর মালিক উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি ও সংযোগগুলো পরীক্ষা ও মেরামত না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ