মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবস্থিত কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) সকাল ১১:০০টায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিদ্যালয়ে উপস্থিত হন সাংবাদিক মোঃ মারুফ হোসেন। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষার সার্বিক বিষয়ে কথা বলেন। প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিভিন্ন পরীক্ষা কক্ষে গিয়ে তিনি ছবি ও ভিডিও সংগ্রহ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী, সকাল ১০:০০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম শিফটে অষ্টম, নবম ও দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। আর দুপুর ১:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় শিফটে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের (০৭ জুলাই) পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম শিফটে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ধর্মশিক্ষা বিষয়ে এবং দ্বিতীয় শিফটে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ধর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি অর্ধ-বার্ষিক পরীক্ষায় মোট ১,৩৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে সাংবাদিক মোঃ মারুফ হোসেন প্রায় ২০ মিনিট বিদ্যালয়ের বাইরে অবস্থান করে নজর রাখেন। এ সময় তিনি পর্যবেক্ষণ করেন, পরীক্ষা চলাকালে কোনো বহিরাগত ব্যক্তি অবাধে বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না।
পর্যবেক্ষণে আরও দেখা যায়, বিদ্যালয়ের নির্ধারিত পরিচয়পত্র (ফিতা/আইডি) ছাড়া কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে প্রধান শিক্ষকের সঙ্গে প্রয়োজনীয় কাজ থাকলে এবং তাঁর অনুমতি সাপেক্ষে বিদ্যালয়ে প্রবেশ। করা সম্ভব। এছাড়া অন্য কোনো কারণে বহিরাগতদের প্রবেশের সুযোগ নেই। এ সময় বিভিন্ন পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন এবং পুরো বিদ্যালয়ে পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হতে দেখা যায়। সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।






0 মন্তব্যসমূহ