লোড হচ্ছে...

মানিকগঞ্জে কিশোর অটোচালক হত্যা: পিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার ১ জন।


বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ ।


মানিকগঞ্জে ১৫-১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাকিবুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই। বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই মানিকগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসাদুজ্জামানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামে। তিনি বর্তমানে সাভারের হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং সেখানে একটি আবাসিক হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর অটোরিকশাচালক সাকিবুল ইসলাম। পরদিন স্থানীয় একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে একটি সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে গত ৮ জুলাই সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের তথ্যমতে, ঘটনার দিন আসাদুজ্জামান হেমায়েতপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে মিতরা এলাকায় বৃষ্টির কারণে অপেক্ষার পর তিনি সাবিকুলের অটোরিকশায় ওঠেন। ভাঙা সড়কে চলাচলের সময় অটোরিকশার ঝাঁকুনি নিয়ে চালকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দুজন রাস্তার পাশের একটি পাটক্ষেতে গেলে সেখানে মারামারির সময় আসাদুজ্জামান সাবিকুলকে মারধর করেন এবং তার মুখ কাদায় চেপে ধরে ঘাড়ে চাপ দেন। এতে শ্বাসরোধ হয়ে সাবিকুলের মৃত্যু হয় বলে জানিয়েছে পিবিআই। হত্যার পর আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে পড়ে থাকা তার একটি স্যান্ডেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের অটোরিকশাটি সিংগাইর থানা পুলিশ উদ্ধার করেছে। পিবিআই জানায়, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তদন্তকারীদের ধারণা, গত ৩০ জুন বিকেল থেকে ১ জুলাই রাত আড়াইটার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পিবিআই। মানিকগঞ্জের সিংগাইরে পাট ক্ষেত্র থেকে উদ্ধার হওয়া অটোরিকশা চালক সাকিব এর হত্যাকারী কে গ্রেফতার করেছে পিবি আই মানিকগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ