লোড হচ্ছে...

চাঁদপুরে ইলিশের দামে আগুন, সাধারণ ক্রেতার নাগালের বাইরে ‘রুপালি শস্য’।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media 

‘ইলিশের বাড়ি’ হিসেবে পরিচিত চাঁদপুর। কিন্তু সেই চাঁদপুরেই এখন ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মেঘনা নদীর জেলেদের জালে ধরা তাজা ইলিশ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে উঠলেও দাম এতটাই চড়া যে মধ্যবিত্ত তো দূরের কথা, অনেক স্বচ্ছল পরিবারও ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন। বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, প্রায় ১ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ৩,৪০০ টাকা এবং প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ১,৮০০ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।

এমন মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে অভিযোগ ক্রেতাদের।ক্রেতারা বলছেন, দেশের নদীর মাছ যদি দেশের মানুষই কিনে খেতে না পারে, তবে সেই উৎপাদনের সুফল সাধারণ মানুষ কোথায় পাবে—এ প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।এদিকে, অনলাইনে ইলিশ কেনার ক্ষেত্রেও বাড়ছে প্রতারণার অভিযোগ।

চাঁদপুর বড় স্টেশনের কয়েকজন ইলিশ ব্যবসায়ী জানান, অনেক অসাধু বিক্রেতা কম দামের প্রলোভন দেখিয়ে আগাম টাকা নিয়ে পরে মাছ পাঠান না। আবার অনেক ক্ষেত্রে চাঁদপুরের ইলিশ বলে অন্য এলাকার মাছ পাঠিয়ে ক্রেতাদের প্রতারিত করা হয়। তাই যাচাই-বাছাই করে বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ইলিশ কেনার পরামর্শ দিয়েছেন তারা।ব্যবসায়ীদের ভাষ্য, চলতি মৌসুমে নদীতে পানির প্রবাহ বেশি থাকায় জেলেরা প্রত্যাশিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না।

ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের বাজারেও দাম বেড়েছে।চাঁদপুরের মানুষের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশের বাজার স্থিতিশীল হবে। তাহলেই দেশের মানুষের প্রিয় এই জাতীয় মাছ আবারও সাধারণ মানুষের খাবার টেবিলে সহজলভ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ