দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড ২০২৬ কর্মসূচির শুমারির জন্য ঘোড়াঘাট উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে স্বেচ্ছাসেবী নিয়োগের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ২৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে মূল্যায়ন করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল ও পরবর্তী কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফ্যামিলি কার্ড ২০২৬ শুমারির তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং তদারকির দায়িত্ব প্রদান করা হবে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, "ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ স্বেচ্ছাসেবী নির্বাচন করা হচ্ছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিম বলেন, "ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়েছে।নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হবে, যাতে শুমারির তথ্য নির্ভুল ও গ্রহণযোগ্য হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ