বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের লক্ষ্যে নতুন কার্যক্রম শুরু করেছে এসএমটিভি মিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মাঠপর্যায়ে সক্রিয়, দায়িত্বশীল এবং মৌলিক সংবাদ সংগ্রহে আগ্রহী সদস্যদের অন্যের সংবাদ কপি, পুনঃপ্রকাশ বা শুধুমাত্র শেয়ার করে দায়িত্ব পালনের সুযোগ থাকবে না। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি সদস্যকে নিজ নিজ এলাকায় নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে সংবাদ সংগ্রহ করতে হবে। প্রতিদিন সংবাদ প্রকাশের চেষ্টা করতে হবে। কোনো কারণে তা সম্ভব না হলে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচটি মৌলিক সংবাদ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একটি গুরুত্বপূর্ণ জাতীয়, আন্তর্জাতিক অথবা নিজ এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের চেষ্টা করতে হবে। নতুন সদস্যদের যোগদানের সাত দিনের মধ্যে অন্তত একটি লাইভ সম্প্রচার করার চেষ্টা করতে হবে।

প্রকাশিত প্রতিটি সংবাদ নিজ দায়িত্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে হবে। সংবাদ প্রকাশ, লাইভ সম্প্রচার, ভিডিও ধারণ, সম্পাদনা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় অ্যাক্সেস ও দিকনির্দেশনা প্রদান করা হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিজ দায়িত্বে ভিডিওর মাধ্যমে সংবাদ লেখা, ওয়েবসাইটে সংবাদ প্রকাশ, ভিডিও সম্পাদনা, থাম্বনেইল ও ফটোকার্ড তৈরি, কপিরাইট সচেতনতা এবং ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে পেশাদারভাবে কাজ করার মৌলিক বিষয়গুলো ধাপে ধাপে শেখাবেন। এসএমটিভি মিডিয়া জানিয়েছে, দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবার আগে সংবাদ প্রকাশের চেষ্টা করতে হবে, তবে কোনো অবস্থাতেই যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না। প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র, সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে সংবাদটি সত্য, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট।
সদস্যদের সাংবাদিকতার বিভিন্ন ধরন সম্পর্কেও ধারণা রাখতে উৎসাহিত করা হবে।
হার্ড নিউজ হলো তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন দুর্ঘটনা, অপরাধ, দুর্যোগ, আদালতের রায়,সরকারি সিদ্ধান্ত বা বড় রাজনৈতিক ঘটনা যেখানে দ্রুত, নির্ভুল ও তথ্যভিত্তিক উপস্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সফ্ট নিউজ হলো মানবিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সাফল্যের গল্প, জীবনধারা বা অনুপ্রেরণামূলক বিষয়ভিত্তিক সংবাদ, যেখানে ঘটনার পাশাপাশি মানুষের অনুভূতি ও প্রেক্ষাপটও গুরুত্ব পায়।
ইনভেস্টিগেটিভ নিউজ বা অনুসন্ধানী সংবাদ হলো দীর্ঘ সময় ধরে তথ্য-প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, একাধিক সূত্রের বক্তব্য এবং গভীর অনুসন্ধানের মাধ্যমে দুর্নীতি, অনিয়ম বা জনস্বার্থসংশ্লিষ্ট গোপন তথ্য উদঘাটনমূলক প্রতিবেদন। প্রতিষ্ঠানের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের দালালি, ব্যক্তিগত সুবিধা আদায়, প্রতারণা, চাঁদাবাজি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে দায়িত্ব পালনকারী সকল সদস্যের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হবে। যাঁরা নিয়মিত মৌলিক সংবাদ প্রকাশ করবেন, দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, অন্যের সংবাদ কপি বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে এসএমটিভি মিডিয়া একটি অনিবন্ধিত ডিজিটাল সংবাদমাধ্যম। তাই এই মুহূর্তে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কাউকে আইনগত অর্থে "সাংবাদিক" হিসেবে পরিচয় দেওয়া বা কোনো ধরনের আইনি সহযোগিতা প্রদান করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নিবন্ধন সম্পন্ন হলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এসএমটিভি মিডিয়ার সঙ্গে কাজ করা সদস্যরা সংবাদ প্রকাশের জন্য ওয়েবসাইট অ্যাক্সেস পাবেন। তাঁদের নাম, দায়িত্ব ও প্রয়োজনীয় পরিচিতি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাঁদের তৈরি মৌলিক সংবাদ এসএমটিভি মিডিয়ার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হবে। একই সঙ্গে সদস্যরা চাইলে অন্য যেকোনো গণমাধ্যমেও কাজ করতে পারবেন। এছাড়া আগামী
১ নভেম্বর এসএমটিভি মিডিয়ার অনলাইন প্রতিষ্ঠাবার্ষিকী (জন্মদিন) উপলক্ষে বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। ওই দিন নতুন কার্যক্রম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে অনুসরণের ঘোষণা দেওয়া হবে। দেশ-বিদেশে অবস্থানরত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় একটি দক্ষ, দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সংবাদ-পরিবার গড়ে তোলাই এসএমটিভি মিডিয়ার লক্ষ্য।
যোগ্যতা: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নিজের এলাকার মৌলিক সংবাদ সংগ্রহে আগ্রহী হতে হবে। স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মৌলিক ধারণা থাকতে হবে। দায়িত্বশীল, সৎ ও নীতিমালা মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে। অন্যের সংবাদ কপি না করে নিজস্ব সংবাদ সংগ্রহে আগ্রহী হতে হবে। ছবি, ভিডিও ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মানসিকতা থাকতে হবে। এসএমটিভি মিডিয়ার নীতিমালা মেনে নিয়মিত সক্রিয় থাকতে হবে। আবেদন: আগ্রহী ব্যক্তিরা নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জেলা-উপজেলার নাম, একটি পাসপোর্ট সাইজের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতিসহ আবেদন পাঠাতে পারেন।
0 মন্তব্যসমূহ