দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর বিজি-১৫৪ গভীর নলকূপ প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের ‘সেচ অবকাঠামো পুনর্বাসন (RIIP)’ প্রকল্পের আওতায় অকার্যকর গভীর নলকূপ পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার আধুনিক ও টেকসই সেচ অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে। অকার্যকর গভীর নলকূপ পুনর্বাসনের মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ বিএমডিএর সহকারী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম, ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির, ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু বকর সিদ্দিক ও ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম মো. সাদিকুল ইসলাম (সাদেক), সাবেক ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক, ভোগনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বীরগঞ্জ জোন, দিনাজপুরের উদ্যোগে বাস্তবায়িত এ পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন অচল থাকা গভীর নলকূপগুলো পুনরায় সচল করা হবে। এতে সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদের ব্যয় হ্রাস এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



0 মন্তব্যসমূহ