লোড হচ্ছে...

ফুলপুরে ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট,পুলিশ ও দলীয় নিষ্ক্রিয়তার অভিযোগ।


সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহ প্রতিনিধিঃ Smtv Media

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া বাজারে এক ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ ২৯ জুলাই ২০২৬, বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটায় এই হামলার ঘটনা ঘটে।ভুক্তভোগী মাহমুদুল হাসান সরকার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বালিয়া বাজারের ‘সরকার মেডিসিন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার অভিযোগ, ৯ নং বালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার তৌহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সম্পূর্ণ অন্যায়ভাবে তার দোকানে এই হামলা ও লুটপাট চালায়।হামলার বিবরণ দিয়ে মাহমুদুল হাসান সরকার জানান, আজ সন্ধ্যায় হঠাৎ করেই মেম্বার তৌহিদের নেতৃত্বে একদল লোক তার দোকানে চড়াও হয়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্সসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।ঘটনার পরপরই ভুক্তভোগী ছাত্রদল নেতা আইনি সহায়তার জন্য ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করেন। কিন্তু ঘটনার বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ বা আইনি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।আইনি সহায়তার পাশাপাশি দলীয় ভূমিকার ব্যাপারেও তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই ছাত্রদল নেতা। তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপির ঊর্ধ্বতন নেতাদের তাৎক্ষণিকভাবে অবহিত করেছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে, এখন পর্যন্ত দলীয় নেতাদের পক্ষ থেকেও আশানুরূপ কোনো জোরালো ভূমিকা বা অবস্থান লক্ষ্য করা যায়নি।ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে পুলিশ ও দলের এই রহস্যজনক নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মাহমুদুল হাসান সরকার। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।এই বিষয়ে বক্তব্য জানতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ