লোড হচ্ছে...

চলে গেলেন না ফেরার দেশে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media
আজহার হোসেন।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ (বিজয় মেলার মাঠ) প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পঞ্জন খাড়া গ্রামে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রতিনিধি, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন, পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শেষ শ্রদ্ধা জানান।বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপারের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপারের মৃত্যুতে মানিকগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করে সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ