লোড হচ্ছে...

মোল্লারহাট বাজার–মনোয়ারা বাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা, দ্রুত প্রশস্তকরণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মোল্লা বাজার–মনোয়ারা বাজার সড়কের দীর্ঘদিনের সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে আবারও বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মেয়রের বাড়ির সামনে খুলনা থেকে ফেরিঘাটগামী কয়লাবাহী একটি ট্রাকের একটি চাকা রাস্তার পাশের খালে নেমে যায়। চালকের উপস্থিত বুদ্ধিতে ট্রাকটি উল্টে যাওয়া থেকে রক্ষা পেলেও অল্পের জন্য এড়ানো যায় সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটির প্রস্থ কম হওয়ায় বিপরীতমুখী যান চলাচলের সময় ভারী যানবাহনকে প্রায়ই ঝুঁকি নিয়ে চলতে হয়। মঙ্গলবারও একই কারণে ট্রাকটির একটি চাকা রাস্তার পাশের খালে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই সড়কের একাংশ বন্ধ হয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান, অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোল্লা বাজার থেকে মনোয়ারা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও কার্যকর উদ্যোগের অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের ভাষ্য, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনও নিশ্চিত করা যায়নি।
দিদার পরিবহনের যাত্রীরাও সাংবাদিকদের জানান, সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের দাবি, দ্রুত সড়ক প্রশস্ত ও সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।দুর্ঘটনার খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যানজট নিরসন হয় এবং সড়কে স্বাভাবিক চলাচল ফিরে আসে।এলাকাবাসীর প্রশ্ন, বারবার দুর্ঘটনা ঘটার পরও কেন এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না? তাদের দাবি, সম্ভাব্য প্রাণহানি এড়াতে মোল্লা বাজার–মনোয়ারা বাজার সড়ক দ্রুত প্রশস্ত ও সংস্কার করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ