জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট বাজারে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দুপুরে আয়োজিত মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে গাজিরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা গাজীর মুক্তির দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।ভুক্তভোগীদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় একটি দল গাজিরহাট কাঁঠালতলা ঈদগাহ মাঠের সামনে একটি দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হবে।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজিরহাট বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।মানববন্ধনে বক্তারা নিরীহ কাউকে হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।এদিকে বাদশা গাজীসহ কয়েকজনকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পরদিনই হামলার ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। তবে হামলার সঙ্গে ওই মামলার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

0 মন্তব্যসমূহ