লোড হচ্ছে...

পাটুরিয়া-আরিচা ঘাটে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া বন্ধের নির্দেশ, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান।


আজহার হোসেন স্টাফ রিপোর্টার Smtv Media মানিকগঞ্জ 


মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাটে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। একই সঙ্গে অবৈধ দখল, মাদক সেবন ও মাদক বিক্রয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার।প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এ জিন্নাহ কবির বলেন, পাটুরিয়া ও আরিচা ঘাটসহ সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায়, অবৈধ দখল কিংবা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দেওয়ার মতো অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।মাদক সেবন ও মাদক পাচার প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজ নিজ এলাকায় মাদক ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।সভা শেষে এমপি অসহায়, দুস্থ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনা খাবার, এয়ার ফ্লো মেশিন এবং স্প্রে মেশিন বিতরণ করেন। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী নাদিম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ