লোড হচ্ছে...

৭২ নম্বর ওয়ার্ডে জনসম্পৃক্ততার বার্তা নিয়ে মাঠে হাজী মো. আকতার হোসেন ।


প্রিয়া চৌধুরী, Smtv Media  : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন হাজী মো. আকতার হোসেন। নির্বাচনের সম্ভাব্য মাঠে ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। তাঁর সমর্থকদের দাবি, প্রচারের চাকচিক্যের চেয়ে দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও মানবিক কর্মকাণ্ডকেই তিনি নিজের প্রধান শক্তি হিসেবে সামনে আনতে চাইছেন।হাজী মো. আকতার হোসেন ঢাকা দক্ষিণের ৭২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর একটি দীর্ঘস্থায়ী যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি তাঁর অনুসারীদের।তাঁর সমর্থকদের ভাষ্য, দুর্যোগ, সংকট কিংবা পারিবারিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হাজী মো. আকতার হোসেন নিয়মিত ভূমিকা রাখার চেষ্টা করেছেন। বিশেষ করে দরিদ্র কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনায় মরদেহের গোসলের ব্যবস্থা, কাফনের কাপড় সরবরাহ এবং মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার মতো মানবিক সহায়তার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।শুধু মৃত্যুকালীন সহায়তাই নয়, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে দাবি সমর্থকদের। পাশাপাশি মসজিদ, মাদরাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং ক্রীড়া ও সামাজিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন বলেও তাঁদের দাবি।  নির্বাচিত হলে এসব সামাজিক সম্পৃক্ততাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মো. আকতার হোসেন। তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে নাগরিক সেবার মানোন্নয়ন, পানি ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-বিল ও ড্রেন সংস্কার, ফুটপাত দখলমুক্তকরণ, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং পরিবেশের সার্বিক উন্নয়ন।একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতার কথাও জানিয়েছেন তিনি। দরিদ্র ও অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।হাজী মো. আকতার হোসেন বলেন, “জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে ৭২ নম্বর ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। নাগরিকদের প্রাপ্য সেবা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”তাঁর সমর্থকদের দাবি, ৭২ নম্বর ওয়ার্ডে এবারের নির্বাচনী সমীকরণে শুধু রাজনৈতিক পরিচয় নয়, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা ও নাগরিক সমস্যা সমাধানে বাস্তব ভূমিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই জায়গা থেকেই হাজী মো. আকতার হোসেনকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহী তাঁর অনুসারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ