বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় সড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে ২৩০টি গাছের চারা রোপণ করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ভোগনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বটতলী থেকে সিংড়া ফরেস্ট পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, উপজেলা কার্যসহকারী মো. নাজমুল হুদা, ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াকুব আলী, সহকারী সচিব মো. সায়েম ইসলাম, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, ইউপি সদস্য মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

0 মন্তব্যসমূহ