লোড হচ্ছে...

দিঘলিয়ায় জন্মাষ্টমী ও দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বর্ধিত সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপ ।নে নেতৃবৃন্দের নানা দিকনির্দেশনা


স্টাফ রিপোর্টার, খুলনা : খুলনার দিঘলিয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টায় উপজেলার কামারগাতী মধ্যপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপের নেতৃবৃন্দ অংশ নেন।দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত দত্তের সভাপতিত্বে এবং প্রদীপ বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিমান সাহা।সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের উপদেষ্টা দিলীপ দাশ, স্বপন কুন্ডু, অঞ্জন বিশ্বাস ও নিতন্দন রায়। এছাড়া দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি, সদর ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, বারাকপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি দিকবিজয় মজুমদার, সেনহাটি ইউনিয়নের অলোক বিশ্বাস, গাজিরহাটের শ্যামল পাল, প্রসেনজিৎ বিশ্বাস, ভরত বরং ও সুরঞ্জিত সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।বক্তারা বলেন, ধর্মীয় উৎসব সবার। তাই ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক শান্তি অক্ষুণ্ন রেখে উৎসব উদযাপন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে উৎসবের আনন্দকে ম্লান করতে না পারে, সেজন্য প্রতিটি মণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।তারা আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে কোনো মহল যাতে গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা কমিটি ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকার প্রস্তুতি, সমস্যা ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, স্বেচ্ছাসেবক নিয়োগ, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সমন্বয়ের বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত দেওয়া হয়।সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ