শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন মো. কালাম মিয়া। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকার নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মো. কালাম মিয়া। লিখিত বক্তব্যে তাকে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।সংবাদ সম্মেলনে কালাম মিয়া অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন পোস্ট এবং সম্পাদিত ভিডিও প্রচার করা হচ্ছে। এসব পোস্ট ও ভিডিওর কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি পরিচিতজন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কেউ তার পরিচয় ব্যবহার করে কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে তার দায়ভার তিনি বহন করবেন না।অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাইবার তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, পেজ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য শ্রীপুর থানায় জিডি করেছেন বলে জানান তিনি।কালাম মিয়া আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যারা তার সম্মানহানি করছেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো তথ্য বা অভিযোগ প্রকাশের আগে তা যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার পর সংবাদ প্রকাশ করা হোক।

0 মন্তব্যসমূহ