জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার কার্তিককুল মৃধ্যা বাড়িতে পুকুরের পানিতে ডুবে বাবলু নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন হাঁটতে শেখা শিশু বাবলু খেলনা গাড়ি নিয়ে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।নিহত বাবলু লিটন মৃধ্যার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট। পরিবারের ছোট্ট শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আনন্দে মুখর থাকার কথা যে বাড়িতে, সেখানে নেমে আসে শোকের মাতম।একটি মুহূর্তের অসতর্কতা, নিভে গেল নিষ্পাপ শিশুর জীবন। বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে হাঁটতে শেখা শিশুদের প্রতি অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি জরুরি। সামান্য অসতর্কতাও যে একটি পরিবারকে চিরদিনের শোকের সাগরে ভাসিয়ে দিতে পারে, বাবলুর এই মর্মান্তিক মৃত্যু তারই বেদনাদায়ক স্মারক।

0 মন্তব্যসমূহ