লোড হচ্ছে...

মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার ও নিরাপদ চলাচল নিশ্চিতের দাবি ।


মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সামাজিক মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা এবং স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার।এ ছাড়া বক্তব্য দেন সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক নিয়াজ মোর্শেদ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশান আরা, মানিকগঞ্জ সিআরপির অধ্যক্ষ মাহবুবুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এবং প্রতিবন্ধী সংগঠন এমডিপিওডির পরিচালক এন্তাজ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন, নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে চলাচলের অন্যতম প্রধান সহায়ক উপকরণ। সাদাছড়ির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। তাঁদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করাও জরুরি।বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; বরং এটি সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সড়ক পারাপারের সময় তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করা, সাদাছড়ি ব্যবহারকারীদের চলাচলে অগ্রাধিকার দেওয়া এবং ফুটপাত ও গণপরিবহনকে প্রতিবন্ধীবান্ধব করে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।এ সময় ফুটপাতে ট্যাকটাইল টাইলস স্থাপন, চলাচলের উপযোগী অবকাঠামো তৈরি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।অনুষ্ঠানে সাংবাদিক ছাবিনা দিলরুবা, আবুল হোসেন এলএলবি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে চলাচলবিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও তুলে ধরা হয়।পরিশেষে, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা, তাঁদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ