লোড হচ্ছে...

রাজশাহী বাঘায় শুরু হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার উদ্বোধন ।


আবুল হাশেম রাজশাহী :গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত।নৌকাবাইচ ও মেলাকে ঘিরে নদীর দুই পাড়ে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মুখর হয়ে ওঠে। নৌকাবাইচ প্রতিযোগিতায় আকর্ষণীয় প্রাইজমানি রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন  নৌকাবাইচের পাশাপাশি নদীর পাড়ে বসেছে বড় পরিসরের গ্রামীণ মেলা। মেলায় ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকান বসেছে। এসব দোকানে মাটির তৈরি সামগ্রী, বিভিন্ন ধরনের খেলনা, রকমারি মিষ্টি, কুটিরশিল্পের পণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা সামগ্রী বিক্রি হচ্ছে। ফলে নৌকাবাইচের পাশাপাশি মেলাও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।আয়োজকেরা জানান, একসময় গ্রামবাংলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও আধুনিকতার প্রভাবে এ ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।নৌকাবাইচ মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার বলেন, “হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং এ ঐতিহ্যকে টিকিয়ে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছে।”মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, “হাজার হাজার মানুষের অংশগ্রহণে নৌকাবাইচ ও গ্রামীণ মেলা আনন্দমুখর হয়ে উঠেছে। আশা করছি, আগামী দুই দিনও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি থাকবে।”এদিকে নৌকাবাইচ ও মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, উৎসবের দিনগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ