জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা অতিদরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের নারীদের জীবনমান উন্নয়ন এবং সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে যুক্ত হন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে এলাহী স্পিকার। এ ছাড়া দিঘলিয়া প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিংয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো অতিদরিদ্র, অসহায় ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের জীবনমান উন্নয়ন করা। সঠিক জরিপের মাধ্যমে যোগ্য উপকারভোগী নির্বাচন করে তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।তিনি জানান, কর্মসূচির প্রথম পর্যায়ে দিঘলিয়া উপজেলার গাজীরহাট, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নে জরিপ কার্যক্রম শুরু হবে। এ জন্য তিনটি ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ১০ ও ১১ অক্টোবর তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জরিপ পরিচালনা করা হবে।সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে বাস্তবায়নে গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরিপ কার্যক্রমে প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য নিশ্চিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া, জরিপের প্রাথমিক পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ যাচাই-বাছাই ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়িত হলে সুবিধাবঞ্চিত পরিবারের নারীরা সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন।

0 মন্তব্যসমূহ