মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম মানিকগঞ্জের জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ উল্লাহ আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নিকটস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সেওতা কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের আইন অঙ্গনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ উল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষকে আইনি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক কর্মকাণ্ডেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। কর্মজীবনে তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেন।তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর প্রয়াণে মানিকগঞ্জের আইন অঙ্গন একজন অভিজ্ঞ, গুণী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে হারাল।
মরহুমের জানাজায় উপস্থিত থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মানিকগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার (পিপি), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নিরঞ্জন বসাক ও বিশিষ্ট সমাজসেবক সরকার মাসুদ। এ সময় মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।

0 মন্তব্যসমূহ