মানিকগঞ্জ প্রতিনিধি রাকিবুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) হরিরামপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদলের নেতাকর্মীরা দলীয় পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় পার্টি অফিসসংলগ্ন এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সামছুল আলম খান মিশুক। তিনি বলেন, “দুঃসময়ে যারা দল ছেড়ে পালিয়ে যাননি এবং সুসময়ে যারা বিপথগামী হননি, বরং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে থেকে লড়াই করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।”তিনি আরও বলেন, “মিছিলে গেলে পুলিশ গুলি করতে পারে, গ্রেপ্তার হতে পারেন—এমন আশঙ্কা জেনেও যারা রাজপথ ছেড়ে যাননি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জীবন বাজি রেখে অংশ নিয়েছেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, দল ও দেশ গঠনে তাদের অবদান অবশ্যই মূল্যায়ন করা উচিত। আমি আশা করি, দলের হাইকমান্ড ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।”সমাবেশটি সঞ্চালনা করেন হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিরাজ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, মোঃ নাসির উদ্দিন ও মাসুম সিকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সদস্য শিমুল বিশ্বাস, মোঃ আলম, আব্দুল রাজ্জাক, মোঃ আলী হোসেন, কাজী তানভীর ও মহর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ আজিম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল, সাবেক সহসভাপতি মহসিন, সহসভাপতি আব্দুল রউফ রানা ও জাহিদুল ইসলাম পলাশসহ যুবদল, সাবেক ছাত্রদল ও সাবেক স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

0 মন্তব্যসমূহ