লোড হচ্ছে...

রাজশাহীতে ১২০ জনকে স্বকর্মসংস্থানের সরঞ্জাম দিল রাসিক ।


আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ Smtv Media রাজশাহী রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ১২০ জন নারী-পুরুষের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।অনুষ্ঠানে জানানো হয়, ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতেই এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে।তিনি বলেন, শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবে সিটি করপোরেশন।সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।রাসিক প্রশাসক আরও বলেন, ইউএনডিপি ও সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।ফুটপাত প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত দখলমুক্ত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, সিডিসির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা বলেন, এসব সরঞ্জাম তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করবে। এর মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (LSUPCB) প্রকল্পের আওতায় গত এক বছরে ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ