মোজাম্মেল হক, উপজেলা প্রতিনিধিঃ Smtv Media বীরগঞ্জ দিনাজপুর।
দিনাজপুরে প্রস্তাবিত খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষিজমির সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৎস্য চাষ ও হাঁস পালন সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরে প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর উপলক্ষে খাল খনন এলাকার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে এই খাল খনন প্রকল্প কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে এই খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলের কৃষকরা সহজ শর্তে ও স্বল্প খরচে সেচের পানি ব্যবহার করতে পারবেন। ফলে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তিনি বলেন, খালের পানির বহুমুখী ব্যবহারের সুযোগ থাকায় স্থানীয় যুবকদের জন্য মৎস্য চাষের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক গতি আসবে। প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম , সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিদর্শন শেষে ১৬ মার্চের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি ও নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ